দলে নেওয়ার দাবি জানিয়ে তৃণমূল কার্যালয়ের সামনে অনশনে বসে বিজেপি কর্মীরা
দি নিউজ লায়ন; সাঁইথিয়া বিধানসভার বনগ্রামে ভাজপা করে ভুল করেছি , তৃণমূলে আমাদের ফিরিয়ে নিতে হবে, এমনই দাবি নিয়ে তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে অনশনে বসে বিজেপি কর্মীরা। গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধিকরণের পর হল যোগদান। তৃণমূল কার্যালয়ের সামনে বিজেপি কর্মীরা অনশনে বসেছেন-এমন দৃশ্য দেখে হতবাক হয়ে যান গ্রামবাসীরা। খবর পেয়ে দলীয় কার্যালয়ের সামনে ছুটে আসে বনগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান তুষার মন্ডল।
পঞ্চায়েত প্রধানকে হাতের কাছে পেয়ে বিজেপি নেতা কর্মীরা বলেন, 'আমাদের তৃণমূলে যোগদান করাতে হবে নইলে আমরা আমরণ অনশনে বসবো'। বিজেপি কর্মীদের কাছে এই রকম প্রস্তাব পেয়ে খানিকটা বেকায়দায় পড়ে যায় পঞ্চায়েত প্রধান তুষার মন্ডল। জেলা নেতৃত্বের অনুমতি না মেলা অবধি কোনো মতেই যোগদান সম্ভব নয়। প্রায় চার ঘন্টা অনশন বিক্ষোভ চলার পরে জেলা নেতৃত্বের অনুমোদনে বিজেপি কর্মীদের তৃণমূলে যোগদান করানো হয়।
তাদের হাতে পতাকা তুলে দেয় পঞ্চায়েত প্রধান তুষার মন্ডল। যোগদানের পরেই মুখ্যমন্ত্রীর নামে স্লোগান দিয়ে বিজেপি কর্মীরা বলেন , বিজেপির জেলা নেতাদের প্ররোচোনায় পা দিয়ে বিজেপি তে যোগদান করেছিলাম, কিন্তু বিধানসভা নির্বাচনের আগে সাঁইথিয়া বিধানসভার বিজেপি প্রার্থী পিয়া সাহা , হাজার রকমের প্রতিশ্রুতি দিয়েছিল , কিন্তু নির্বাচনের ফল ঘোষণার পর বিপদের সময় একটি ফোন করে কর্মীদের অবস্থার কথা প্রয়োজন মনে করেনি।
উল্টে তাদের নির্বাচনের আগে মিথ্যা অপপ্রচারের জন্য এলাকার উন্নয়ন বাধাপ্রাপ্ত হয়েছে। তারা লজ্জিত ও ক্ষমাপ্রার্থী । যোগদান পর্ব শেষ হবার পরেই বিজেপি কর্মীদের গায়ে গঙ্গা জল ছিটিয়ে তৃণমূলের দলীয় কার্যালয়ে করানো হয়। বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল জানিয়েছেন , মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন যারা ভুল কে ভুল কে স্বীকার করে অনুতপ্ত তাদেরকে অবশ্যই মানুষের জন্য কাজ করার সুযোগ দেওয়া উচিত।

Post a Comment